বিনোদন ডেস্ক, ২৭ মে ২০২৬: না ফেরার দেশে পরিচালক অনিক দত্ত। বুধবার দুপুরে তিনি নিজের গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে যান বলে খবর মেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসকা চলছিল। কিন্তু শেষরক্ষা করা গেল না। কিন্তু কীভাবে ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। 'ভূতের ভবিষ্যৎ' পরিচালকের মৃত্যু ঘিরে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। তাঁর আকস্মিক প্রয়াণে টলিপাড়ায় আছড়ে পড়েছে শোক। এই বিষয়ে সমাজমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
পরিচালক ১১ নম্বর হিন্দুস্থান পার্কের বাসিন্দা। এদিন তাঁর ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও।জানা যায়, ঘটনাস্থলে তাঁর বাড়ির নিচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। জায়গাটিকে ঘিরে দিয়েছে পুলিশ। এলাকার বাসিন্দারাও ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি অন্য কিছু ঘটেছে, এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফে কিছু জানানো হয়নি।
গত ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি 'যত কাণ্ড কলকাতাতেই'। বাকি তিনটি ছবি অর্থাৎ 'রঘু ডাকাত', 'দেবী চৌধুরানী' এবং 'রক্তবীজ ২' ছবির সঙ্গে প্রতিযোগিতায় বক্স অফিসে সামান্য কম আয় হলেও এই ছবিটি সমালোচকদের থেকেও বেশ প্রশংসা কুড়িয়েছে।
২০১২ সালের 'ভূতের ভবিষ্যৎ' ছবির মাধ্যমে তাঁর পরিচিতি হয় ঘরে ঘরে। এর পরে, 'মেঘনাদবধ রহস্য', 'আশ্চর্য প্রদীপ', 'ভবিষ্যতের ভূত', 'বরুণবাবুর বন্ধু' ছবিগুলির মাধ্যমে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অনীক দত্ত। তাঁর নির্মাণশৈলী, গল্প বলার নিজস্ব ধরণ এবং বাংলা চলচ্চিত্রের চেনা গণ্ডি ভাঙার সাহস তাঁকে টালিউডের অন্যতম চর্চিত পরিচালক করে তুলেছে।
এদিন তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। পরিচালক ছাদে কেন উঠেছিলেন? কীভাবে হল এই মৃত্যু? নিছকই দুর্ঘটনা? নাকি নেপথ্যে অন্য রহস্য? এই সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

No comments:
Post a Comment