কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। তিলজলার টালিখোলায় মসজিদের কাছে একটি বহুতল বাড়িতে আগুন লাগে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাওয়া হয় পাঁচজনকে। হাসপাতালেই মৃত্যু হয় দু'জন। তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, যে বহুতলে আগুন লাগে সেখানের দোতলায় একটি চামড়ার কারখানা ছিল। সেখানেই আগুন লাগে এবং মুহূর্তে লেলিহেন শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তপসিয়ার জিজে খান রোডের ওই বহুতলের দোতলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিল্ডিংয়ের একাংশ। আতঙ্কে চিৎকার শুরু করেন বাসিন্দারা। অভিযোগ, আগুনের তীব্রতার কারণে অনেকে সময়মতো বাইরে বের হতে পারেননি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকলে খবর দেওয়া হয়। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, ভিতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের।
দমকল সূত্রে খবর, পাঁচ থেকে ছ'জন ওই সময়ে ভিতরে আটকে পড়েছিলেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর তাঁদের উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কয়েক জনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছে বলেও খবর।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বহু মানুষ রাস্তায় ভিড় জমান। স্থানীয়দের একাংশের অভিযোগ, বিল্ডিংয়ে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা উচিৎ। যদিও এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে দমকলের বক্তব্য, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরেই তদন্ত শুরু করা হবে। বিল্ডিংয়ের ভিতরে কী পরিস্থিতি ছিল এবং কোনও নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল।
এদিকে, তিলজলা অগ্নিকাণ্ডে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।

No comments:
Post a Comment