কলকাতা: মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের খাতায় দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড এবং বিজেবিভিআরসি (BJBVRC)-র রিজিওনাল কমিটির সদস্য শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দীর্ঘ সময় ধরে সে আত্মগোপন করে ছিল বলে পুলিশ সূত্রে খবর।
আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ২০টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম ১৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল। মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও, ২০০৪-০৫ সালে একবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে সে আত্মগোপন করে এবং ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। বেলার বয়স বর্তমানে প্রায় ৬০ বছর এবং সে শারীরিক অসুস্থতায় ভুগছে বলে জানা গেছে।
তিনি জানান, শ্রদ্ধা দীর্ঘকাল নদিয়ার চাকদহ এলাকায় পরিচয় গোপন করে গা-ঢাকা দিয়েছিলেন। ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল এবং তিনি মেদিনীপুরে গ্রেফতারও হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে ঝাড়খণ্ডে গিয়ে পুনরায় নাশকতামূলক কাজে জড়িয়ে পড়েন।
বেলার গ্রেফতারের পাশাপাশি আজ মঙ্গলবার কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা মাধাই পাত্র। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই ২০০৭ সাল থেকে মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মাধাই জানান, সংগঠনের আদর্শগত পরিবর্তন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের 'সারেন্ডার ও রিহ্যাবিলিটেশন' পলিসির মাধ্যমে তাকে সাহায্য করা হবে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, সোশাল মিডিয়ায় ইভিএম কারচুপি সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে গর্গ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে দু'বার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে।
বর্তমানে ধৃত শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় মাওবাদী কার্যকলাপের আর কোনও যোগসূত্র পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের একটি দলও খুব শীঘ্রই কলকাতায় আসবে বলে জানা গেছে।

No comments:
Post a Comment