ওয়ার্ল্ড ডেস্ক, ১২ মে ২০২৬: ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। মঙ্গলবার (১২ মে, ২০২৬) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে অন্তত ৯ জনের মৃত্যু এবং আরও ২৩ জন গুরুতর আহত হয়েছেন। আধিকারিকরা মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এতে করে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে আসিম মুনির এবং শাহবাজ শরীফ আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার একটি বাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশ কর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২৩ জন আহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, ব্যস্ত সময়ে একটি জনবহুল বাজারে বিস্ফোরক বোঝাই একটি লোডার রিকশা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের চিকিৎসার জন্য নওরঙ্গ হাসপাতালে নিয়ে যায়। সূত্রমতে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিস্ফোরণের পরপরই পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ এবং তদন্ত শুরু করার জন্য এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তা করতে এবং আহতদের জন্য রক্তদান করতে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দাও হাসপাতালে জড়ো হয়েছিলেন।
উল্লেখ্য, সোমবার (১১ মে, ২০২৬), পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান চার্জ ডি'অ্যাফেয়ার্সকে তলব করে এবং বান্নুতে সন্ত্রাসী হামলার ঘটনায় আফগান তালেবান সরকারের কাছে একটি তীব্র প্রতিবাদপত্র জমা দেয়। শনিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ফতেহ খেল পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চালানো একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন পুলিশের মৃত্যু এবং একজন নাগরিক-সহ আরও চারজন আহত হয়েছেন।
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন যে, ২০২৬ সালের ৯ই মে ফতেহ খেল পুলিশ ফাঁড়িতে ফিতনা-আল-খাওয়ারিজের সন্ত্রাসীদের আইইডি হামলার বিষয়ে পাকিস্তান তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিবৃতি অনুসারে, পাকিস্তান জানিয়েছে যে, এখন পর্যন্ত সংগৃহীত প্রমাণ ও প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য এবং একটি বিস্তারিত তদন্ত ইঙ্গিত দেয় যে, এই হামলাটি আফগানিস্তানে অবস্থিত সন্ত্রাসীদের পরিকল্পিত ছিল। আফগান ভূমির ক্রমাগত ব্যবহারের বিষয়ে পাকিস্তান তার গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং আফগান পক্ষকে জানিয়েছে যে, এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার পাকিস্তানের আছে।

No comments:
Post a Comment