নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় ফের চলল বুলডোজার। সরকারের নির্দেশ অনুযায়ী হাওড়া পুরসভার এলাকায় বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল পুরসভা। হাওড়া পুরসভার ৪৪ নাম্বার ওয়ার্ডের শরৎ চ্যাটার্জী রোডে বেআইনি বাড়ি ভাঙতে সোমবার পৌঁছে যায় বুলডোজার। অভিযোগ, দোতলা বাড়ির অনুমতি নিয়ে করা হয়েছিল এই ৫ তোলা বাড়ি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরসভা। জানা গিয়েছে, দীর্ঘদিন অভিযোগ থাকলেও ভাঙা হয়নি, অবশেষে নতুন সরকারের নির্দেশে ভাঙা শুরু হয় বেআইনি বাড়িটি। এতে করে খুশি এলাকার মানুষ।
এদিন প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জেসিবির সাহায্যে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ছিল। এরপর পুরসভা ও প্রশাসনের যৌথ তদন্তে নির্মাণটিকে নিয়ম বহির্ভূত বলে চিহ্নিত করা হয়। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বেআইনি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের ফলে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন ভেঙে তৈরি কোনও নির্মাণই রেহাই পাবে না। আগামী দিনেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি হাওড়া রেল স্টেশন চত্বরে চলে প্রশাসনের বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, স্টল। জবরদখলমুক্ত করতে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযোগ, অবৈধ দোকানদাররা দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা দখল করে রেখেছিলেন। গুমটি, ঠেলাগাড়ি, অস্থায়ী দোকানের ভিড়ে হাঁটাচলাই যেন দায় হয়ে উঠেছিল। এর ফলে ভুগতে হতো নিত্যযাত্রীদের। বড় ব্যাগ, ট্রলি নিয়ে স্টেশনে ঢুকতে গিয়ে অসুবিধায় পড়তেন দূরপাল্লার যাত্রীরাও।
এই নিয়ে একাধিক বার অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, এতদিন কোনও সুরাহা হয়নি।মূলত ব্যস্ততম এই স্টেশন চত্বরকে যানজটমুক্ত করতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য ফেরাতেই ছিল প্রশাসনের এই যৌথ অভিযান।
এই অভিযানে উপস্থিত ছিল রেলওয়ে সুরক্ষা বাহিনী, আইওডব্লিউ বিভাগ এবং হাওড়া সিটি পুলিশ। এদিনের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, তার জন্য পুরো হাওড়া স্টেশন চত্বরকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

No comments:
Post a Comment