ওয়ার্ল্ড ডেস্ক, ১৫ মে ২০২৬: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। শুক্রবার নয়াদিল্লীতে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী সকল দেশের জাহাজের জন্য উন্মুক্ত। কিন্তু যেসব দেশ ইরানের সঙ্গে 'যুদ্ধাবস্থায়' রয়েছে, তাদের জাহাজকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় ভারত সফরে থাকা আরাঘচি একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের দিক থেকে হরমুজ সবার জন্য উন্মুক্ত। ব্যতিক্রম শুধু সেইসব দেশের জাহাজ, যারা আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত।" তিনি বলেন, যেসব দেশ এই সমুদ্রপথ দিয়ে যাতায়াত করতে চায়, ইরান তাদের সবাইকে সাহায্য করতে প্রস্তুত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এই অঞ্চলে উত্তেজনা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং নৌচলাচল নিরাপদ থাকবে। তিনি বলেন, “আগ্রাসন শেষ হওয়ার সাথে সাথেই আমি আত্মবিশ্বাসী যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমরা সকল জাহাজের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করব।” আরাঘচি আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝে অবস্থিত এবং তাদের মধ্যে কোনও আন্তর্জাতিক জলসীমা নেই।
নয়া দিল্লীতে আরাঘচি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন যে, আঞ্চলিক বিষয়গুলিতে ভারত ও ইরানের মধ্যে বিস্তৃত উদ্বেগ, স্বার্থ এবং দৃষ্টিভঙ্গি একই রকম। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন যে, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনও ভরসা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে, ৪০ দিনের সংঘাতের পর নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়েই যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, "আমেরিকানদের ভরসা না করার যথেষ্ট কারণ আমাদের আছে, অথচ আমাদের ভরসা না করার কোনও কারণ তাদের নেই।"
পশ্চিম এশিয়া সংকট প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, "আমরা ভারতের যেকোনও গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানাব।" যেমনটা আমি বলেছি, এই মুহূর্তে হরমুজ প্রণালীর পরিস্থিতি খুবই জটিল এবং আমরা জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সাহায্য করার চেষ্টা করছি। এই আগ্রাসন পুরোপুরি শেষ হয়ে গেলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, "ইরান কখনও পারমাণবিক অস্ত্র চায়নি। হরমুজ প্রণালীর পরিস্থিতি বর্তমানে খুবই জটিল। আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া এর আর কোনও উপায় নেই। আমরা সব জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে সাহায্য করতে প্রস্তুত। হরমুজের পরিস্থিতির উন্নতিতে চীন যে কোনও পদক্ষেপ করলে তাঁকে স্বাগত জানানো হবে। ইরান কূটনীতিকে সুযোগ দেওয়ার জন্য যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছিল।"
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, "গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার একটি সংক্ষিপ্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আজ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমার একটি দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি সহ প্রায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাকে বলতেই হবে যে, এই গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের দুজনেরই প্রায় একই রকম দৃষ্টিভঙ্গি এবং অভিন্ন উদ্বেগ ও স্বার্থ রয়েছে। তাই, আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখব।"
হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?
হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ প্রতিদিন এর মধ্য দিয়ে যায়। তাই, সেখানে যেকোনও ধরণের উত্তেজনা বা বিশৃঙ্খলা বিশ্বব্যাপী জ্বালানি বাজার এবং বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

No comments:
Post a Comment