নিজস্ব সংবাদদাতা, মালদা: রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেই বিরাট ঘোষণা; ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়া হবে। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণে তোড়জোর। শুক্রবার এমনই তোড়জোরের ছবি দেখা গেল মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়।
মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি জায়গায় সীমান্ত এলাকার কৃষকরা ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায়, হাসিমুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্যমূল্যের বিনিময়ে তাঁদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন।
তাঁদের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবী জানিয়ে আসছিলেন। কারণ বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাঁদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল। গবাদি পশু চুরি করে বাংলাদেশ পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য বিএসএফ-এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তারা খুব খুশি। খুশি খুশি মনেই ন্যায্যমূল্যের বিনিময়ে তাঁদের জমি তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের হাতে।
এই প্রসঙ্গে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক স্বপন তরফদার জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য রাজ্য সরকার বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে তাঁরা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন। কৃষকরা স্বেচ্ছায় তাদের জমি তুলে দিচ্ছেন। জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

No comments:
Post a Comment