দিল্লীর তাপে তপ্ত মার্কো রুবিও, সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করলেন মার্কিন বিদেশ সচিব - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 23, 2026

দিল্লীর তাপে তপ্ত মার্কো রুবিও, সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করলেন মার্কিন বিদেশ সচিব


ন্যাশনাল ডেস্ক, ২৩ মে ২০২৬: দিন দিন তাপমাত্রার পারদ চড়ছে। দিল্লীতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আর এই প্রচণ্ড গরমে নাজেহাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার নতুন মার্কিন দূতাবাস সাপোর্ট অ্যানেক্স ভবন উদ্বোধনকালে তিনি তাঁর ভাষণ সংক্ষিপ্ত রাখেন এবং তীব্র গরম নিয়ে খানিকটা রসিকতা করতেও দেখা যায় মার্কিন বিদেশ সচিবকে।


রুবিও বলেন, "আজ এখানে আসতে পেরে আমি সম্মানিত এবং আমি এটা (সংবাদ সম্মেলন) সংক্ষিপ্ত রাখতে চাই কারণ খুব গরম। আমি মিয়ামির বাসিন্দা, এবং সেখানকার গরম একেবারেই ভিন্ন। এখন সময় কী হয়েছে? এতক্ষণে তো আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাওয়ার কথা। আমি আপনাদের এখানে বেশিক্ষণ আটকে রাখতে চাই না।" তাঁর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।



মার্কো রুবিও আরও বলেন, "এটি আমাদের এবং ভারতের মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ভিত্তিপ্রস্তর, যা আমি আগেই বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি এই সফরে এসেছি; এই সম্পর্ককে মজবুত করতে ও এগিয়ে নিয়ে যেতে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী মাসগুলোতে আমরা আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও মজবুতির বিষয়ে আরও রোমাঞ্চকর এবং নতুন ঘোষণা করব।"


মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, “আমরা একটি নতুন ‘আমেরিকা ফার্স্ট’ ভিসা নীতি চালু করছি, যা সেইসব পেশাদার ব্যবসায়ীদের অগ্রাধিকার দেবে যারা এই সম্পর্কগুলোকে মজবূ করেন। কিন্তু আমি যেমনটা বলেছি, এই বিশেষ সুবিধা শুধু ভিসা আবেদনকারীদের জন্য নয়। এটি আপনাদের সকলের জন্যও, যারা এখানে কাজ করেন, এই মিশনের সেইসব পুরুষ ও নারী, যারা প্রতিদিন আমেরিকার জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রভাগে রয়েছেন।”


প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কো রুবিও আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা তাঁর প্রথম মেয়াদ থেকে শুরু হয়েছিল, যখন প্রেসিডেন্ট এখানে আসার সুযোগ পেয়েছিলেন। এমনকি এটি তাঁর দ্বিতীয় মেয়াদেও অব্যাহত রয়েছে। তাঁদের মধ্যকার সংযোগ আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। নেতাদের মধ্যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুজন অত্যন্ত বিচক্ষণ নেতা, যাঁরা শুধু স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকেও মনোযোগ দেন।”


উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারত সফরে রয়েছেন। শনিবার কলকাতা হয়ে দিল্লীতে আসেন তিনি। এখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। ভারত ও যুক্তরাষ্ট্র তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত ও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হল।

No comments:

Post a Comment

Post Top Ad