কলকাতা: এ বছরের এখন পর্যন্ত সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হয়ে গেল কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়। শুক্রবার ঝড়ের তাণ্ডবে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। ঘন্টা খানেকের ঝড়ে যেন সব লণ্ডভণ্ড হয়ে যায়। এই কালবৈশাখী-ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। মৃতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার।
শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও। তবে তাঁদের কত টাকা দেওয়া হবে, সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বেলা আড়াইটে নাগাদ দমদমে এবং কলকাতায় ২:৪৫ মিনিটে জোড়া কালবৈশাখী হয়। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার প্রতি ঘন্টায়। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ৮৮ কিমি। প্রায় ২ মিনিট ৮৮ কিমি প্রতি ঘন্টায় তাণ্ডব চালিয়েছে ঝড়।
এদিন শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রিন্সেপ ঘাটে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে যায়। সল্টলেক-সহ কলকাতা, শহরতলির একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর ঝড়, সেইসঙ্গে তীব্র বৃষ্টি হয়। পার্শ্ববর্তী জেলাতেও একাধিক জায়গায় একাধিক জনের মৃত্যু হয়েছে বলে খবর। সরকারি সূত্রে এদিন মোট ৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এছাড়াও আহত হয়েছেন একাধিক জন।

No comments:
Post a Comment