'যোগ দিবসের' মূল অনুষ্ঠান কলকাতায়, থাকছেন প্রধানমন্ত্রী মোদীও - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 29, 2026

'যোগ দিবসের' মূল অনুষ্ঠান কলকাতায়, থাকছেন প্রধানমন্ত্রী মোদীও

 


কলকাতা: প্রতি বছরই যোগ দিবসের অনুষ্ঠান করে  যোগ চর্চাকে সীমাহীন উচ্চতায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এবারে পালাবদলের উপহার পেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ! ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই শহর কলকাতাতেই হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। এখনও পর্যন্ত যা খবর রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে চলেছে এই অনুষ্ঠান, আয়ুষ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সোমবারই রাজ্যের যোগ জগতের বিশিষ্টজনদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে।  


বুধবারই কলকাতার জন্য এই ‘সুখবর’টি শোনান কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব। মধ্যপ্রদেশের খাজুরাহোতে ‘ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলস’-এ আয়োজিত “যোগ মহোৎসব ২০২৬” অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়। এখানেই মন্ত্রী যাদব বলেন, "ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ কলকাতা শহর এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের আতিথেয়তা করবে।’’ 


তিনি উল্লেখ করেন, “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”-এটাই এবছরের যোগ দিবসের মূল থিম। কলকাতায় মূল অনুষ্ঠানের খবরে যারপরনাই উচ্ছ্বসিত কলকাতার যোগ জগতের বিশিষ্টরা। কলকাতায় এতদিন যোগ দিবস উদযাপনের দায়িত্বে থাকত ক্রীড়াভারতী। সংস্থার প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার জানিয়েছেন, ‘‘আমরা পঁচিশেই যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় করতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিবেশ অনুকূল ছিল না বলে পারিনি। এবার পালাবদলের উপহার হিসাবে কলকাতা মূল অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেল।’’ 


অন্যদিকে যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ড. অভিজিৎ ঘোষ জানিয়েছেন, ছাব্বিশের ২১ শে জুন কলকাতার জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। স্বর্ণাক্ষরে যোগের ইতিহাসে লেখা থাকবে এই দিনটি।


উল্লেখ্য, খাজুরাহোর অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী 'যোগ সঙ্গম পোর্টালে'র নতুন সংস্করণ চালু করেন বুধবার। এর মাধ্যমে অনলাইন নথিভুক্তিকরণ সহজ হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি 'যোগ পার্ক পোর্টালে'রও সূচনা হয়েছে। যার লক্ষ্য, বিভিন্ন রাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট যোগচর্চার স্থান তৈরি করা।


এদিন নতুন নকশার যোগ টি-শার্টও প্রকাশিত হয়। অন্যান্য কর্মসূচিগুলির মধ্যে 'যোগ ৩৬৫ অভিযানে'র অধীনে ১০০ দিনের বিনামূল্যের যোগ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিমধ্যেই দু'লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছেন এবং 'যোগ মিত্র' শংসাপত্র পেয়েছেন।এর পাশাপাশি খাজুরাহোর অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও ভার্চুয়ালি যোগ দেন।


প্রসঙ্গত, ২০১৫ সালের ২১শে জুন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নয়াদিল্লির রাজপথে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হয় এবং গণযোগ অংশগ্রহণের জন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

No comments:

Post a Comment

Post Top Ad