কলকাতা: উত্তরবঙ্গে আপাতত মনোরম আবহাওয়া হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেন আগুন ঝড়ছে। তবে রবিবার ছুটির দিন বেশকিছু জেলা বৃষ্টির মুখ দেখতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলী, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায়। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দুর্যোগের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
এদিকে ভারতের আবহাওয়া দফতর বা আইএমডি-র তরফে জারি করা সাম্প্রতিক খবর অনুযায়ী, বর্ষা দেশের কিছু অংশে প্রবেশ করেছে। হাওয়া অফিসের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে ১৬ মে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামানে সাগরের অনেক অংশ, সমগ্র নিকোবার দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশ সহ শ্রী বিজয়া পুরমে (পূর্বে পোর্ট ব্লেয়ার) প্রবেশ করেছে।
উল্লেখ্য, রবিবারের পাশাপাশি সোমবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির জন্যে জারি করা হয়েছে সতর্কতা। অপরদিকে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

No comments:
Post a Comment