কলকাতা: রাত পোহালেই ভোট গণনা। এরই মাঝে বাংলায় দুর্যোগের পূর্বাভাস। রবিবার থেকেই বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার দু'দিন কালবৈশাখীর সম্ভাবনা। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি হতে পারে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। এমনকি এই ঝড়-জলের প্রভাব পড়তে পারে গোটা রাজ্যের গণনা পর্বে। সবথেকে বেশি অসুবিধায় পড়তে পারেন মালদহ জেলার গণনা কর্মীরা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যার পর থেকে রাজ্যে ঝড় বৃষ্টি কমবে। শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বঙ্গে ঝড়, বৃষ্টির পরিমাণ এবং বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় রবিবার থেকে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। রবিবার এবং গণনার দিন সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির প্রভাব-পরিমাণ আরও বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা।
মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবারের তুলনায় কিছুটা কমবে পরিমাণ। এরপর বুধবার ও বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ঝড়ের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া ভোট গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা হাওয়ার হাওয়ার গতিবেগ কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে এবং আবহাওয়া ক্রমশ শুষ্ক হবে।

No comments:
Post a Comment