কলকাতা: ধেয়ে আসছে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস। বাদ থাকছে না উত্তরবঙ্গও। উত্তরের একাধিক জেলায় বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল থাকবে সমুদ্রও।
আগামী ২৪ ঘন্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবারও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির দাপট চলবে বলেও পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড় পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চি মেদিনীপুর জেলায়। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড়-জলের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে হাওয়া।

No comments:
Post a Comment