কলকাতা: বৈশাখের প্রায় শেষেও বৃষ্টি কিন্তু ভালোই খেলা দেখাচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ, আবার দুপুর গড়াতেই বা সন্ধ্যা-রাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হচ্ছে। শুক্রবারও বদল হচ্ছে না এই পরিস্থিতির। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণ মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ছত্রিশগড় হয়ে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে পূর্ব বিহ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানকা ঘুনাবর্তটি এখন পর্যন্ত বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাফ জানানো হয়েছে, অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির তাণ্ডব আপাতত অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গেও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ওই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও শনিবার চলবে দুর্যোগ।

No comments:
Post a Comment