কলকাতা: সকাল থেকেই অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। শীঘ্রই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপপ্রবাহ না-হলেও সেইরকম পরিস্থিতি চলছে পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গজুড়ে গরম ও অস্বস্তি চরমে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী সোমবার পর্যন্ত, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এছাড়া ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণ উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী উপরের স্তরের ঘূর্ণাবর্ত বর্তমানে অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে অভ্যন্তরী ওড়িশার ওপর অবস্থানকারী উপরের স্তরে ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশ ও ছত্রিশগড়ে ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।
অপরদিকে জোড়া ঘূর্ণাবর্তের ফলায় আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও উত্তরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রবিবার। সোমবার থেকে বৃষ্টি কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টি চলবে।

No comments:
Post a Comment