অভিষেক দুর্গে ভাঙন, ডায়মন্ড হারবারে টালমাটাল তৃণমূল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 27, 2026

অভিষেক দুর্গে ভাঙন, ডায়মন্ড হারবারে টালমাটাল তৃণমূল

 


কলকাতা: রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই জায়গায়-জায়গায় ভেঙে পড়ছে বোর্ড। সম্প্রতি টালমাটাল অবস্থা দেখা গিয়েছে কলকাতা পৌরনিগমেরও। শুধু তাই নয়, দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। আর এবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ বলে পরিচিত ডায়মন্ড হারবারে বড়সড় ভাঙন। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন পদত্যাগ করায় ভেঙে গেল পুরবোর্ড। 


পুনর্নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। এক সময় এই ডায়মন্ড হারবারে বিরোধীরা আঁচড় পর্যন্ত কাটতে পারত না। এখন সেখানেই পদ্ম ফুটেছে, ভেঙে যাচ্ছে বোর্ড। ফলত, আসন্ন পুরভোটের ক্ষেত্রে তা বড়সড় প্রভাব ফেলতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। 


সোমবার আট জন কাউন্সিলর সশরীরে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। এছাড়াও বাকি দুই মহিলা কাউন্সিলর তাঁদের পদত্যাগ পত্র অনলাইনে পুরসভাতে পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন কাউন্সিলর পদত্যাগ করায় ভেঙে গিয়েছে ডায়মন্ড হারবার পুর বোর্ড। এদিকে, পুরবোর্ড ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হতে শুরু করেছে পুর পরিষেবা। সাফাই থেকে শুরু করে অন্যান্য পরিষেবার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলেই এলাকার বাসিন্দাদের অভিযোগ। 


তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ না করায় ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস কাজকর্ম দেখভাল করছেন। কোথাও কোনও পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রণব দাস। তিনি বলেন, “পুরসভাতে প্রশাসক বসানো হলেও আশা করি মানুষের পরিষেবার কাজ ব্যাহত হবে না।”


অপরদিকে বিজেপি নেতা দীপক হালদার জানিয়েছেন, প্রশাসনের নজরে বিষয়টি রয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad