কলকাতা: শনিবারেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবারে শনি-রাতে চমক দিল রাজ্যের প্রাক্তন শাসক দল। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার কাঁধেই দেওয়া হল গুরুদায়িত্ব। তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে শনিবার এই সিদ্ধান্ত জানাল হয়। প্রবীণ বিধায়ক, পরিষদীয় মন্ত্রী ছিলেন গত বিধানসভায়। এবার তাঁকেই বিরোধী দলনেতা করল তৃণমূল কংগ্রেস।
বিধানসভায় ৮০ সদস্যের বিরোধী দলে উপ-দলনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক; অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে মহিলা ক্ষমতায়ন ও আঞ্চলিক ভারসাম্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে পরিষদীয় শৃঙ্খলার দায়িত্ব তথা 'চিফ হুইপ'-এর ব্যাটন তুলে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের হাতে। বিরোধীদের মোকাবিলা এবং দলের বিধায়কদের সংহতি বজায় রাখতে তাঁর প্রশাসনিক দক্ষতার ওপরই আস্থা রেখেছে জোড়খফুল শিবির। সব মিলিয়ে, আগামী দিনগুলোতে বিধানসভার অন্দরে শাসক দলের রণকৌশল আরও তীক্ষ্ণ করতে ময়দানে নামছে তৃণমূল।
উল্লেখ্য, শনিবার সকালে রাজ্যের নতুন সরকার শপথ গ্রহণ করে দায়িত্ব নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে প্রাথমিক কাজকর্ম শুরুও করেছেন। এরপর রাতেই বিরোধী তৃণমূল নিজেদের পরিষদীয় দল ঘোষণা করল।
এই মুহূর্তে দলের সবচেয়ে বর্ষীয়ান ও বিধানসভা পরিচালনার কাজে অভিজ্ঞ শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপ দলনেতা হিসেবে কাজ করবেন তিনবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন।

No comments:
Post a Comment