ঝাড়গ্রাম: বাংলায় ভোটের প্রচারে এসে তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউকে প্রাণে মারার হুমকি। অভিযোগ, অজ্ঞাত একটি নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি-বার্তা পাঠানো হয়েছে। ফোন এবং ভিডিয়ো কল করেও তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন যে তিনি পাকিস্তান ও বাংলাদেশ থেকে হুমকি ফোন পাচ্ছেন।
বিক্রম ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর প্রেক্ষিতে ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, 'ঝালমুড়ি বিক্রেতাকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। উনি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
আইএএনএস-কে বিক্রম সাউ জানান, পুলিশকে জানানোর পর তার দোকানে দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। বিক্রম সাও আইএএনএস-কে বলেন, তিনি পাকিস্তান থেকে ভিডিও কল পেয়েছিলেন, যেখানে একটি দল তাকে বিভিন্ন অস্ত্র দেখিয়ে বোমা হামলার হুমকি দেয়। তিনি বলেন, এরপর তিনি ভয় পেয়ে যান এবং ফোনটি কেটে দেন।
ঝালমুড়ি বিক্রেতা জানান, তিনি বাংলাদেশ থেকেও আরেকটি ফোন পান। এই কলে প্রথমে তাকে "সালাম ওয়ালাইকুম" বলা হয় এবং তারপর বোমা হামলার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, একটি হোয়াটসঅ্যাপ মেসেজে তাঁকে বলা হয়, "তোর দোকান আমাদের নিশানায়; বোম দিয়ে উড়িয়ে দেব।"
বিক্রম সাউ দাবী করেছেন যে, নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দোকানে ঝালমুড়ি কিনতে এসেছিলেন, এই কারণে তাঁকে নিশানা করা হচ্ছে। তিনি বলেন যে, ভয়ে তিনি এখন আর অপরিচিত মোবাইল নম্বর থেকে আসা ফোন ধরেন না। তিনি জানান যে, হুমকি ভরা ফোন পেয়ে তিনি খুব ভয় পাচ্ছেন। বিক্রম বলেন বলেন, "অনেক চিন্তা হচ্ছে। রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরি, আর ভয় হয় কেউ আমার ক্ষতি করে ফেলতে পারে। আমি একাই সংসার চালাই।" প্রধানমন্ত্রী যেন এই বিষয়ে একটু নজর দেন, আর্জি বিক্রমের। তিনি বলেন, 'আমার নিরাপত্তার দিকে যেন একটু নজর দেন প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন।'
১৯শে এপ্রিল, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ রাস্তার ধারে থাকা একটি ঝালমুড়ির দোকানে থামেন। দোকানে ঢুকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খান তিনি। এরপর থেকেই রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে চর্চায় এই ঝালমুড়ি।


No comments:
Post a Comment