হুগলি: তোলাবাজির অভিযোগে নতুন মামলা, জামিন পেয়েও বিরাট সঙ্কটে অসিত মজুমদার। দলের সঙ্কটের আবহেই জোর ধাক্কা খেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। পুলিশের কাজে বাধা রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় নাম জড়ানোয় আপাতত সংশোধনাগারেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তাঁর সঙ্গে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলীর জামিনও বৃহস্পতিবার নাকোচ করে দেয় চুঁচুড়া আদালত।
গত ৩০ মে সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এরই প্রতিবাদে অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশের কাজে বাধা, বেআইনি ভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রবিবার (৩১ মে) গ্ৰেফতারের দিনেই চুঁচুড়া আদালতে পেশ করা হয় অসিত মজুমদার-সহ দশজনকে। তাদের মধ্যে পাঁচ জনকে পুলিশ হেফাজত পাঁচজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ ছিল সেই মামলায় কোর্ট প্রডাকশনের দিন।
অসিত মজুমদারদের পক্ষের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান, এই মামলায় নির্মল চক্রবর্তী নামে একজনের আগে জামিন হয়েছিল। আজ বাকি নয় জনের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে অসিত মজুমদারের এখনই সংশোধনাগার থেকে মু্ক্তি হচ্ছে না। কারণ তাকে একটি তোলাবাজির মামলায় যুক্ত করা হয়েছে। সেই মামলায় পার্থ সাহা, মির্জা সানোয়ার আলীও রয়েছেন অভিযুক্ত হিসাবে। তাদেরও জামিন নাকোচ হয়েছে।
জানা গিয়েছে, এই তোলাবাজির মামলায় অসিত মজুমদারের শুক্রবার আবার আদালতে পেশ করা হবে। বাকি দু'জনকে পেশ করা হবে পরশু শনিবার। বর্তমানে হুগলি সংশোধনাগারে রয়েছেন অসিত মজুমদার। প্রাক্তন তৃণমূল বিধায়ককে আদালতে নিয়ে আসা হয়নি। আইনজীবী তাঁর হয়ে সওয়াল করেন।

No comments:
Post a Comment