কলকাতা: হকার নিয়ন্ত্রণে দৃঢ় প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি জমি দখলে করে হকারি করা কিছুতেই বরদাস্ত করা হবে না। এছাড়াও বিভিন্ন ইস্যুতে তৃণমূলের আমলে পুলিশকে মারধর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, হামলা কী কী না হয়নি! কিন্তু এবারে বঙ্গে পালা বদল হয়েছে। সম্প্রতি, পার্ক-সার্কাসে বেআইনি উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ও ‘বুলডোজার অ্যাকশন’-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে, যার ফলে তিনজন পুলিশ কর্মী আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কড়া বার্তা দিয়েছেন। এরপর গতকাল অর্থাৎ শনিবার ফের একবার পার্ক-সার্কাস প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
রাজ্যের ছবি বদলে যাচ্ছে বলে এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখানে প্রচুর ব্যবসায়ী, শিল্পপতিরা এসেছেন। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ আছে।" তবে, ধীরে-ধীরে পশ্চিমবঙ্গের ছবি বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, “মৌসম বদল রাহা হ্যায়। হাত জোর করে ওরা ক্ষমা চাইছে। পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। আমি বলে দিই, এটা ওদের শেষ পাথর ছোড়া।”
মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “পুলিশের ওপর হামলা হলে, সরকারি সম্পত্তি নষ্ট হলে সবচেয়ে বিপজ্জনক পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে। মোথাবাড়ি হবে না। ধূলিয়ান, সামশেরগঞ্জ হবে না। পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হবে না।” এর আগেও লালবাজারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, পুলিশের গায়ে হাত দিলে তিনি এর শেষ দেখে ছাড়বেন এবং তাঁর সরকার অপরাধীদের কোনও ভাবেই রেয়াত করবে না, বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

No comments:
Post a Comment