হুগলি: রাজ্যে পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এই আবহেই চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বাড়ি বয়ে এসে সতর্ক করে গেলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এসে তিনি জানান, অসিতের বিরুদ্ধে অভিযোগের ফাইল গিয়েছে দিল্লীতে। অসিতকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন ওই ব্যক্তি। যদিও নিজের নাম-পরিচয় জানাননি তিনি, শুধু জানিয়েছেন, তিনি সিবিআই অফিসে কাজ করেন।
ওই ব্যক্তি কে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের জেলা সভাপতির দায়িত্ব অসিতের ঘাড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রাক্তন বিধায়ক। এই অবস্থায় ২৭ জুন অর্থাৎ শনিবার অসিতের বাড়ি আসেন ওই ব্যক্তি। প্রাক্তন বিধায়ককে সাবধান করে যান। এরপর পরের দিন সকালে ফের ওই ব্যক্তি প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আসেন। অসিত তাঁর নাম ও ফোন নম্বর জানতেই চাওয়ার পরই দ্রুত চলে যান।
প্রাক্তন তৃণমূল বিধায়ক বলেন, “গত ২৭ জুন আমার বাড়িতে আসে ওই ব্যক্তি। বলে, আপনার ফাইল দিল্লী যাচ্ছে, আপনি সিবিআইয়ের ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে দিল্লী নিয়ে যাব। আমি তখন বলি, আমি এখন যেতে পারব না। তখন বলল, তাহলে আপনি পালিয়ে যান। ওই ব্যক্তির নাম ও ফোন নম্বর চাই। তখন বলে, আমি নাম ও নম্বর দেব না। আপনি চিন্তা করুন। আমি আবার পরে আসব। বলে আজ সকালে আবার আসে। বলে, 'আপনি দিল্লীতে যোগাযোগ করেছেন?' আমি বলি, না। ওই ব্যক্তি কী করে, আমি জানতে চাই। তখন বলে, আমি সিবিআই অফিসে কাজ করি। কিন্তু, নাম ও ফোন নম্বর দিতে চায়নি। তড়িঘড়ি পালিয়ে যায়।”
এই চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছেন অসিত। সিসি ক্যামেরায় তোলা ব্যক্তির ছবি দিয়ে অভিযোগ করেছেন থানায়। প্রাক্তন বিধায়ক এই ঘটনায় একেবারেই আতঙ্কিত নয় বলে জানান। তিনি বলেন, “আমি আতঙ্কে নেই। আমি সম্প্রতি দলের জেলা সভাপতি হয়েছি। গতকাল মিটিংয়ে জনজোয়ার হয়েছে। এই দেখে, হিংসা, প্রতিহিংসা, ভয়ে কেউ করতে পারে। আজকেও যেভাবে পালিয়েছে, নিশ্চিত ভুয়ো ও প্রতারক হবে। তাও আমি ছবি পুলিশ সুপার ও আইসি-কে দিয়েছি। আজ (সোমবার) সকালে অভিযোগ দায়ের করেছি। উকিলদেরও জানিয়ে রেখেছি।”
চন্দননগর পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তারক্ষীর আর্জি জানিয়েছেন বলেও জানান প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

No comments:
Post a Comment