বিনোদন ডেস্ক, ০২ জুন ২০২৬: শেষপাতে একটু মিষ্টি পেলে মনটা খুশিতে ভরে ওঠে। এছাড়াও যারা মিষ্টিপ্রেমী, তাঁরা প্রায়ই চান অল্প বিস্তর মিষ্টিমুখ তাদের করানো হোক। এই মিষ্টির মধ্যেই পায়েস কিন্তু অন্যতম। তবে একঘেয়ে চালের পায়েস না বানিয়ে কাউন দিয়ে পায়েস তৈরি করে নিতে পারেন। কাউন এক ধরণের দানা শস্য। বাজারে সহজেই পাওয়া যায়।
আসুন এবারে জেনে নিন কাউনের পায়েসের রেসিপি।
উপকরণ -
কাউন- আধা কাপ
দুধ- ২ লিটার,
খেজুরের গুড়- আধা কাপ,
তেজপাতা- ১টি,
এলাচ- ৪- ৫টি, ,
কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম ও কিশমিশ- হাফ কাপ
পদ্ধতি -
সবার প্রথমে কাউন ভালো করে বেছে-ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি প্যানে দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে একটু ঘন হয়ে এলে তাতে তেজপাতা ও এলাচ গুঁড়ো দিন। তারপর দুধে দিয়ে দিন ভেজানো কাউন (জল ছেঁকে নেবেন)। কম আঁচে রান্না করুন কিছুক্ষণ।
মাঝেমধ্যে নেড়েচেড়ে দিন, যাতে তলায় লেগে না যায়। কাউন সেদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবং আরও ৫-৭ মিনিট রান্না করুন। এই সময় শুকনো ফলগুলো কেটে দিয়ে দিতে হবে। তারপর পছন্দ মত ঘনত্ব রেখে আঁচ নিভিয়ে দিন। কাউনের পায়েস তৈরি। চাইলে উপর থেকে আরও কিছুটা কাটা শুকনো ফল ছড়িয়ে দিন। ঠাণ্ডা হয়ে গেলে বাড়ির সদস্যদের পরিবেশন করুন আর নিজেও উপভোগ করুন সুস্বাদু কাউনের পায়েস।
আপনি চাইলে বাড়ির কোনও অনুষ্ঠানেও বা অতিথি আপ্যায়নেও এই পায়েস বানিয়ে ফেলতে পারেন।

No comments:
Post a Comment