আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বিধানসভাতেই কান্নায় ভাঙলেন অভয়ার মা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 24, 2026

আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বিধানসভাতেই কান্নায় ভাঙলেন অভয়ার মা

 


কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশ। আছড়ে পড়ছিল প্রতিবাদের ঢেউ। কিন্তু সঠিক বিচার মেলেনি। এবারে রাজ্যে নতুন সরকার আসতেই খুলে গিয়েছে সেই ফাইল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচার হবেই। বিধানসভাতেও মঙ্গলবার এই ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


'আরজি করের বিচার হবে', বিধানসভায় প্রথম জবাবি ভাষণে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কথা শোনার পরেই বিধানসভাতেই কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা। ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তৎকালীন তৃণমূল কংগ্রেসের আমলে সঠিক তদন্তের দাবী বারবার জানিয়েছেন মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। কিন্তু বিচার মেলেনি। 


অভয়ার মা পানিহাটি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে ভোটে জেতেন। তিনি এই মুহূর্তে পানিহাটির বিধায়ক। বিজেপি সরকারে আসার পরই জানানো হয়েছিল, আরজি কর কাণ্ডের তদন্ত নতুন করে হবে। মেয়ের খুনের বিচার হবে, সেই প্রত্যাশা রয়েছে অভয়ার মা-বাবার। বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আরজি কর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজের ঘটনা উঠে আসে। এইসব ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার।


বিধানসভায় এদিন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আমরা ২টি কমিশন তৈরি করেছি, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। মহিলাদের উপর যত অত্যাচার, তার বিচারে কমিশন তৈরি করেছি। 

আরজি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে, তিন আইপিএস সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষদের তাড়িয়েছি। বাকি সব পরিষ্কার করব।” 


তিনি আরও বলেন, “তামান্নার মা বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধুপগুড়ি জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন।” এদিন বিধানসভার কক্ষেই নিজের আসনে বসেছিলেন অভয়ার মা। মুখ্যমন্ত্রীর মুখে মেয়ের কথা, আরজি কর প্রসঙ্গ, বিচারের কথা শুনেই হাউহাউ করে ফেলেন তিনি। পাশে বসা বিধায়িকা তাঁকে শান্ত করেন। 


বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আরজি করের ফাইল খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad