দুর্গাপুজোয় নতুন রহস্য ভেদে একেন বাবু, সঙ্গী ঋত্বিক-রাইমা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 6, 2026

দুর্গাপুজোয় নতুন রহস্য ভেদে একেন বাবু, সঙ্গী ঋত্বিক-রাইমা


বিনোদন ডেস্ক, ০৬ জুন ৩০২৬: একেন বাবু মানেই ছবিতে রহস্য, মজা আর অ্যাডভেঞ্চার। আর এবারে দুর্গাপুজোয় বড় পর্দায় আসছে একেন বাবুর নতুন রহস্য সমাধানের গল্প। হইচই স্টুডিওস- এর প্রযোজনায় এবারের ছবির নাম ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’। একেন বাবুর আইকনিক চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নিয়মিত সদস্য হিসেবে ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় (বাপি) এবং সোমক ঘোষ (প্রমথ)। 


এবার একেনের জগতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। প্রয়াত সুজন দাশগুপ্তের গল্প অবলম্বনে, পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্যে এবং জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ছবির পটভূমি কেরালা। রহস্য, সাসপেন্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হাস্যরসের মিশেলে গড়ে ওঠা এই গল্পে একেন বাবু জড়িয়ে পড়বেন আবার এক তদন্তে। উল্লেখ্য, এই বছর মুক্তি পাওয়া একেন বাবুর ওয়েব সিরিজের শেষে কারা যেন তাঁকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। 


পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “ছবির কাহিনীতে কেরালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একেন বাবুর সঙ্গে জড়িয়ে থাকা হাস্যরস ও উষ্ণতা যেমন থাকবে, তেমনই এই ছবি ফ্র্যাঞ্চাইজির ব্যাপ্তি ও পরিসরকে অনেক বড় করে তুলবে।” ছবির শুটিং শুরু হবে আগস্ট মাসে। গল্পে থাকবে লুকিয়ে থাকা সূত্র, জটিল ষড়যন্ত্র, অদৃশ্য শত্রু এবং ক্রমশ ঘনিয়ে আসা বিপদ। সেই রহস্যের জাল ভেদ করতেই নামবেন একেন বাবু।


হইচই স্টুডিওসের প্রযোজনায় তৈরি হতে চলা এই ছবিকে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় প্রজেক্ট বলে দাবি করা হচ্ছে। নির্মাতাদের বক্তব্য, একেনবাবুর আগের কোনও অভিযানের সঙ্গে এর তুলনা করা যাবে না। গল্পের পরিধি যেমন বড় হয়েছে, তেমনই বেড়েছে রহস্য ও বিপদের মাত্রাও।


একেন বাবু মানেই আবেগ। এবারে দর্শকমহলে এই ছবি কতটা সাড়া ফেলে সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad