নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে শুক্রবার কলকাতার ধর্মতলায় সিজেপি (Cockroach Janata Party) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির আন্দোলন চলাকালীন উত্তেজনা ছড়ায়। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সাংবাদিক আহত হন।
আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, শুক্রবারের ঘটনায় জড়িতদের একটি অংশকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, এই ব্যক্তিদের সঙ্গে নিট আন্দোলনের কোনও সম্পর্ক নেই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যে তিনি 'শুক্রবার' প্রসঙ্গ টেনে প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও উল্লেখ করেন।
শুভেন্দুর অভিযোগ, যারা এই তাণ্ডব চালিয়েছে তারা প্রকৃত ছাত্র আন্দোলনের অংশ নয়। তিনি বলেন, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার কেন্দ্রীয় পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে বোতল ও জুতো ছোড়ে এবং কয়েকজনের গায়ে জলও ছিটিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে এসএফআই তাদের ঘোষিত 'রাত জাগো, দেশ জাগো' কর্মসূচি প্রত্যাহার করে। তবে সংঘর্ষের জেরে একাধিক সাংবাদিক আহত হওয়ায় ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে

No comments:
Post a Comment