দক্ষিণ ২৪ পরগনা: বদলের বাংলায় নতুন ট্রেন্ড ডিম থেরাপি। দিকে দিকে কাঁচা ডিম খাচ্ছেন তৃণমূল নেতারা। এবারে ডিম থেরাপি চলল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। শুক্রবার ডিম খেলেন তৃণমূল নেতা তথা বাসন্তী ব্লকের মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌড় সর্দার। তাঁকে ঘিরে এদিন চরম বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গলার গামছা বেঁধে ছোড়া হয় ডিম। শুক্রবার সকালে গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার যখন পঞ্চায়েত অফিসে যান, তখন গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান গৌড়ের পথ আটকে দাঁড়ান। কাঁদা গোবর এবং ডিম ছুড়তে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় গ্রামবাসীদের ওপর অনেক অত্যাচার চালিয়েছেন গৌড়।
অভিযোগ, রাজ্যে পালাবদলের পর এই গৌড় সর্দারকে এলাকায় দেখা যেত না। তাঁর অনুপস্থিতিতে পঞ্চায়েতের কাজকর্মও আটকে যাচ্ছিল। আর এদিন যখন পঞ্চায়েত অফিসে আসেন, তখন উত্তেজিত জনতা গৌড় সর্দারকে ঘিরে ধরেন। চলে ডিম থেরাপি। মাখানো হয় কাঁদা-গোবর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানা পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে গৌড় সর্দারকে উদ্ধার করে পুলিশ। এক বিক্ষোভকারী বলেন, “তালপাতার ঘরে থাকত। এখন প্রাসাদে থাকে। ওঝাগিরি করত, বুজরুকি করত সব, তারপর তৃণমূলের প্রধান হল। দুর্নীতির কোনও শেষ নেই।”
এই গৌড়ের উত্থানও কিন্তু বেশ নজরকাড়া। একটা সময়ে তিনি জ্যোতিষচর্চা করতেন, তারপর মাঝে তন্ত্রসাধনাও ছুড়েছিল। এরপর আবার শুরু হয় ওঝাগিরি। সে সময়ে এক কামরা ঘরে কোনওভাবে কাটাতেন তিনি। নুন আনতে পান্তা ফুরায় দশা ছিল! কিন্তু তৃণমূল আমলে হঠাৎ বদলাতে থাকে পরিস্থিতি। এক কামরার ঘরের পাশে উঠতে থাকে বাড়ি। বাড়তে থাকে প্রতিপত্তি। আর তারপর একেবারে চোখ ধাঁধানো জীবনযাত্রা। সেই ওঝার-ই ভুত তাড়াতে দেখা গেল এদিন বিক্ষুব্ধ গ্ৰামবাসীদের।

No comments:
Post a Comment