কলকাতা: সই কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উঠল ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ। কালীঘাট থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হল। রাজীব সরকার নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। মোটর ভেহিকেলস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়িতে তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য বিপজ্জনকভাবে একাধিক গেটে ঝুলতে দেখা যায়, যা মোটর ভিকেলসের আইন বিরোধী। সমাজমাধ্যমেও একটি ছবিতে দেখা গিয়েছিল, নিরাপত্তাকর্মীরা একটি গাড়ির ফুট বোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। তা নিয়েই থানায় এবার থানায় অভিযোগ জানালেন রাজীব সরকার।
অভিযোগ, এক্ষেত্রে ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’ অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেই কারণেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। মোটরযান আইন, ১৯৮৮-র ধারা ১২৩ ও ধারা ১৮৪-তে মামলা করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী, নিরাপত্তা কর্মীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবী করা হয়েছে।
উল্লেখ্য, এই রাজীব সরকারই অভিষেকের বিরুদ্ধে এর আগে ডিজে মামলায় অভিযোগ দায়ের করেছিলেন। সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। তৃণমূলের সাংসদের ডিজে মন্তব্য নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছেন তদন্তকারীরা। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু কোনও লাভ হয়নি। আগামী ৮ জুলাই তাঁকে এই সংক্রান্ত বিষয়ে হাজিরা দিতে হবে। এর ওপর আবার নতুন অভিযোগ। এতে করে যে অভিষেকের সমস্যা আরও বাড়তে চলেছে, সে কথা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহলের বৃহদাংশ।

No comments:
Post a Comment