এবারে মদন মিত্রকে ইডির তলব, কবে হাজিরার নির্দেশ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, July 21, 2026

এবারে মদন মিত্রকে ইডির তলব, কবে হাজিরার নির্দেশ?


কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ইডি তলব করেছিল আগেই। এবার মদন মিত্রকে তলব করল। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছে। এর আগে একই মামলায় মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। এমনকি তাঁর স্ত্রী ও পুত্রকেও তলব করা হয়েছিল। চলতি সপ্তাহেই তাঁদের হাজিরা দেওয়ার কথা। এবার সরাসরি মদন মিত্রের নামে সমন জারি করল তদন্তকারী সংস্থা। 


ইডি সূত্রের দাবী, পুর নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন এবং অন্যান্য নথি খতিয়ে দেখতেই এই তলব। তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মদন মিত্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


তৃণমূল আমলেই পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত শুরু করে ইডি-সিবিআই। নাম জড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষ, মদন মিত্র সহ তৃণমূলের একাধিক নেতার। ছাব্বিশের বিধানসভার ভোট মিটে যাওয়ার পরেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা করেছে।


গত বছরের অক্টোবরেও পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আর চলতি বছরের জুনে কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডি আধিকারিকেরা। এমনকি গত সপ্তাহেই মদনের স্ত্রী-সহ দুই পুত্রকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর নাটকীয় ভাবে তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেন মদন। এরপর থেকেই লাগাতার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন তিনি। এমনকি অভিষেককে তুই-তোকারি পর্যন্ত করতে শোনা যায় কামারহাটির বিধায়ককে। 


এরপর আজ মঙ্গলবার মেয়ো রোডে নতুন তৃণমূলেরর একুশে জুলাইয়ের সমাবেশেও যোগ দেন মদন৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন কামারহাটির বিধায়ক৷ মদন মিত্র বলেন, "আপনাকে সেলিব্রিটি, মুখ্যমন্ত্রী বানায়নি৷ মুখ্যমন্ত্রী বানিয়েছিল যুব তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীরা৷ আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না৷ আমাদের এই উত্তরীয় পায়ের তলায় পেতে দেব৷ খালি বলবেন, 'আমার ভুল হয়েছিল। আমি গান্ধারির মতো অন্ধ হয়ে গিয়েছিলাম'৷ অন্য কাউকে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক এক ঘন্টা টাইম দিয়েছে, আমরা এক মাস টাইম দিচ্ছি৷ অভিষেকের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরুন, আপনার পার্টিটা তৃণমূলের, অভিষেকের পার্টি না৷"


এই আবহেই মদন মিত্রকে ইডির তলবের খবর সামনে আসে। জানা গিয়েছে ২৯ শে জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad