কলকাতা: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এক লটারি প্রাপকের টাকা আত্মসাৎ করে তাঁকে মারধর এবং একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী। শেষমেশ রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে৷ একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসার মামলায় দীর্ঘদিন ধরেই তাঁর নাম জড়িয়েছিল। এর পাশাপাশি, এক লটারি প্রাপকের এক কোটি টাকা মারধর করে বলপূর্বক আত্মসাতের অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তে নেমেই এদিন ভোররাতে অভিযান চালিয়ে দক্ষিণেশ্বর তাঁকে পাকড়াও করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আজই তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনার গভীরে পৌঁছাতে এবং আত্মসাৎ করা টাকার হদিশ পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের প্রভাবশালী বহু নেতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হয়েছেন। নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও থানায় দুর্নীতি-সহ তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই খোঁজ ছিল না প্রাক্তন বিধায়ক-পুত্রের। এমনকি নির্মল ঘোষও নাকি পুলিশকে এড়িয়ে চলছেন, এমন খবরও শোনা গেছিল। একুশের ভোট পরবর্তী হিংসা মামলাতেও অভিযুক্ত তীর্থঙ্কর। সম্প্রতি তাঁর বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির অভিযোগও ওঠে।
অন্যদিকে, আরজি কর কাণ্ডে নির্মল ঘোষের নাম জড়িয়েছে। সেইসময়ে পানিহাটির বিধায়ক ছিলেন তিনি। অভিযোগ ওঠে, নির্যাতিতার মৃতদেহ পানিহাটি শ্মশানে তাড়াহুড়ো করে দাহ করার পিছনে মূল ভূমিকা ছিল তাঁরই, যা বর্তমানে তদন্তাধীন।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী ছিলেন রত্না দেবনাথ। বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তীর্থঙ্কর। এই রাজনৈতিক পালাবদল ও পরাজয়ের পর সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবী, দীর্ঘ সময় ধরে এই বাবা-ছেলের বিরুদ্ধে এলাকায় একাধিক সমাজবিরোধী ও দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী খুব দ্রুতই তাঁরা দুজনে গ্রেফতার হবেন বলেও দাবী করে পদ্ম শিবির। এরই মাঝে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক-পুত্র।

No comments:
Post a Comment