'সেবাশ্রয়' ঘিরে দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 1, 2026

'সেবাশ্রয়' ঘিরে দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতা


দক্ষিণ ২৪ পরগনা: সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষ্ণুপুর থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসককে দিয়ে মর্ডান চিকিৎসা, আইন অমান্য করে ক্যাম্পে মেডিকেল সরঞ্জামের ব্যবহার, জোর করে লোক নিয়ে গিয়ে ভিড় বাড়ানো, চিকিৎসায় গাফিলতি-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। জানা যাচ্ছে, অভিযোগ পত্রে অভিষেক ছাড়াও নাম রয়েছে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এলাকার বিধায়ক, পঞ্চায়েত সদস্য ও সেবাশ্রয়ে থাকা চিকিৎসকদের। 


অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ওই ক্যাম্পগুলিতে আল্ট্রাসাউন্ড, পোর্টেবল এক্স-রে-র মতো নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক যন্ত্রপাতির ব্যবহারে বিধি ভাঙা হয়েছে। পাশাপাশি অননুমোদিত চিকিৎসা, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগী দেখানো, ভুয়ো প্রেসক্রিপশন ও কনসালটেশন রেকর্ড, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি।


তাঁর দাবী, সেবাশ্রয়ের নামে ডায়মন্ড হারবারবাসীকে টুপি পরিয়েছেন অভিষেক। অভিযোগ, সেবাশ্রয়ে আনা হত হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের। তাঁদের কারও রেজিস্ট্রশন নেই। তাঁরাই নাকি মর্ডান চিকিৎসা করতেন। একটি প্রেসক্রিপশন দেখিয়েছেন অভিজিৎ। সেখানে রোগীর নাম-বয়স লেখা রয়েছে, তবে নেই রোগের বিবরণ। শুধু লেখা, ‘রেফার্ড টু হসপিটাল।’ সেই প্রেশক্রিপশনে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরও লেখা নেই। 


তিনি আরও দাবী করেছেন, ইউএসজির মেশিন ব্যবহারের জন্য আইন অনুযায়ী যে অনুমতির দরকার, তাও নাকি নেননি অভিষেক। এখানেই শেষ নয়, জোর করে এলাকার বাসিন্দাদের সেবাশ্রয়ে নিয়ে যাওয়া হত বলে দাবী। কারণ, ভিড় না বাড়লে সেবাশ্রয় যে সফল, তা প্রমাণ করা যাবে না। এছাড়া ওষুধের মান, মেয়াদ নিয়েও অভিযোগ পত্রে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।


বিজেপি নেতার বক্তব্য, প্রাথমিক তথ্যপ্রমাণেই চিকিৎসা সংক্রান্ত আইন ও রোগী সুরক্ষার বিধি লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন তিনি।


উল্লেখ্য, আগেই সেবাশ্রয় নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন এক চিকিৎসক। তিনি সেবাশ্রয়ের ক্যাম্পে থাকতেন বলেই দাবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানান, সেবাশ্রয়ে চিকিৎসা হত বিনামূল্যে। কিন্তু ঘুরপথে রোগীদের থেকে আদায় করা হত মোটা টাকা।


ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া বহুল প্রচারিত স্বাস্থ্য কর্মসূচি 'সেবাশ্রয়' নিয়ে দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

No comments:

Post a Comment

Post Top Ad