কলকাতা: নদিয়ার কালীগঞ্জে ডিম হামলার শিকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই ঘটনায় এবারে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্টে তিনি শুধু ঘটনার নিন্দাই করেননি, একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, 'পরিবর্তনের চেহারা কি তবে এটাই?' ক্ষমতার পালাবদল খুব দ্রুত ঘটে যেতে পারে, মনে করিয়ে দেন সাংসদ।
বুধবার কালীগঞ্জের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকাই দলীয় কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হন। মহুয়ার দাবী, ওই বিক্ষোভকারীরা বিজেপির কর্মী-সমর্থক ছিলেন এবং তাঁদের হাতে ডিম ছিল। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বাইরে থেকে "চোর চোর” স্লোগানও দেওয়া হচ্ছিল এবং তাঁকে কালো পতাকা দেখা হয়। মহুয়া মৈত্র নিজেই এই ঘটনার লাইভ ভিডিও করেন সমাজমাধ্যমে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। এই আবহেই সমাজমাধ্যমে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ পোস্টে তৃণমূল সাংসদ লেখেন, "মহুয়া মৈত্রর ওপর হামলার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্য, আদালত যেখানে রাজ্য পুলিশের ডিজিকে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল, সেখানে পুলিশের এই নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর কথায়, এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
অভিষেক আরও লেখেন, "এটাই কি তবে পরিবর্তনের চেহারা? তাঁর মতে, কোনও নির্বাচিত জনপ্রতিনিধি যদি মাথা নত না করেন, তাহলে তাঁকে হেনস্থা করা শক্তির প্রকাশ নয় বরং তা নিরাপত্তাহীনতা ও কাপুরুষতার পরিচয়। তাঁর স্পষ্ট বার্তা, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। যাঁরা আজ ক্ষমতার জোরে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছেন, তাঁদের মনে রাখা উচিৎ - ক্ষমতার পালাবদল খুব দ্রুত ঘটে যেতে পারে।
তিনি লেখেন, "যারা পাশ থেকে হাততালি দিচ্ছেন, আজকের রাজনৈতিক ক্ষমতাকে স্থায়ী সুরক্ষা বলে ভুল করবেন না। ক্ষমতার প্রতিটি অপব্যবহার একটি চিহ্ন রেখে যায় এবং ভীতি প্রদর্শনের প্রতিটি কাজ মনে রাখা হয়। রাজনীতির স্রোত অনেকের প্রত্যাশার চেয়েও দ্রুত বদলায়।"
মহুয়ার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি। এদিকে তৃণমূলের দাবী, বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। এছাড়াও মহুয়া মৈত্র আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে, তাঁকে ডিম ছুড়লেই তিনি মামলা করবেন। এবারে এই জল কোথায়-কতদূর গড়ায়, সেটাই দেখার।


No comments:
Post a Comment