নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: বাইক ও ট্যাঙ্কারের মধ্যে সজোরে ধাক্কা। চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় চোপড়া থানার অন্তর্গত তিনমাইল বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু সিংহ, বয়স ৩৭ বছর। তিনি সোনাপুর গ্রাম পঞ্চায়তের লালুগছ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটির দৃশ্য পাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় শিলিগুড়ি অভিমুখী রাস্তায় একই দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্যাঙ্কারের সাথে ওই মোটরবাইকটি সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাইক চালক ট্যাঙ্কারের চাকার নিচে চলে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় এক বাসিন্দা প্রেম বিশ্বাস জানান, এই দুর্ঘটনার মূল কারণ অপরিকল্পিতভাবে রাস্তা দখল। আমাদের তিনমাইল বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ের পাশে যে পিডব্লিউডির রাস্তা রয়েছে, যা সাধারণ মানুষের চলাফেরা ও রাস্তা পারাপারের জন্য তৈরি, সেটি সম্পূর্ণভাবে টোটো স্ট্যান্ড, মাছের বাজার এবং ফুটপাতের কিছু দোকানদার অবৈধভাবে দখল করে রেখেছে। এর ফলে সাধারণ মানুষ বা বাইক আরোহীরা পাশ দিয়ে যাতায়াত করতে পারছেন না। বাধ্য হয়ে সবাইকে মূল জাতীয় সড়ক ব্যবহার করতে হচ্ছে। তাঁর দাবী, এই কারণেই ঘটেছে এদিনের এই প্রাণঘাতী দুর্ঘটনা।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘাতক যানটিকে ইতিমধ্যেই আটক করেছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

No comments:
Post a Comment