নিজস্ব সংবাদদাতা, মালদা: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল-মাতব্বরদের বিরুদ্ধে। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় মালদা থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তাঁর স্বামীকে ডেকে চলে বেধড়ক মারধর। মোড়ল মাতব্বরদের নির্দেশে নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনির নিদান দেওয়া হয়। শুধু অপবাদ নয়, ডাইনি সন্দেহে তাঁদের ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি নির্যাতিতা মহিলাকে জুতোপেটা পর্যন্ত করা হয়। মারধরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে নির্যাতিতা মহিলার ভাই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এবং বাঁচাতে গেলে তাঁকেও বেধড়ক ভাবে মারধর করা হয়। ছাড় পায়নি তাঁদের সন্তানও। নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। ঘটনার খবর পেয়ে নির্যাতিতা দম্পতিকে উদ্ধার করে নিয়ে যায় মালদা থানার পুলিশ। মারধরের ফলে নির্যাতিতা আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে গ্রাম ছাড়া রয়েছেন। আরও অভিযোগ, গ্রামে ঢুকলে নাকি তাদের খুন করা হবে এমনটাও হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে প্রাণের ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে নির্যাতিতা পরিবারকে।
নির্যাতিতা পরিবারটি ইতিমধ্যেই মালদা থানায় লিখিত অভিযোগ করেছে। তাঁরা নিজের গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে l
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান, আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে যে মারধরের ঘটনা, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক। আমি বিষয়টি শুনেছি, গ্রামের মানুষদের সাথে কথাও বলেছি। পুলিশকে বলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে l পাশাপাশি তাঁদের গ্রামে নিজের বাড়িতে ফিরিয়ে আনা হবে।

No comments:
Post a Comment