বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে দগদগে। এর মধ্যেই কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরপর এমন ঘটনায় রাজ্যের হোটেল ও গেস্ট হাউসগুলিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আদৌ কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের বেসরকারি হোটেল ও গেস্ট হাউসগুলিতে বিশেষ অগ্নিনিরাপত্তা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ মার্কেটের ঘটনার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের তদন্তে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে।
বুধবার নিউ মার্কেটের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। বৈঠকের পর তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় অবহেলার ফলেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, অতীতের প্রশাসনিক গাফিলতির চাপ এখন বর্তমান সরকারকে সামলাতে হচ্ছে।
প্রাথমিক তদন্তে হোটেলের এসি থেকে বৈদ্যুতিক গোলযোগের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুনের উৎসের পাশাপাশি হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন সামনে এসেছে। অত্যন্ত ঘিঞ্জি ভবনের মধ্যে কীভাবে একাধিক হোটেল চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।
অগ্নিকাণ্ডের সময় হোটেলে থাকা আবাসিকদের অভিযোগ, আগুন লাগার পর কোনও ফায়ার অ্যালার্ম শোনা যায়নি। ফলে অনেকেই প্রথমে বিপদের মাত্রা বুঝতে পারেননি। আগুন প্রধান সিঁড়ির কাছে ছড়িয়ে পড়ায় দ্রুত নিচে নামার পথও কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে লিফট কাজ না করায়।
আবাসিকদের আরও অভিযোগ, জরুরি মুহূর্তে হোটেল কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। কয়েকজনকে উপরের তলা বা ছাদে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেখানকার সিঁড়ি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় একসঙ্গে অনেকের পক্ষে ওঠা সম্ভব হয়নি।
আগুনের ধোঁয়া দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ার কারণে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শ্বাস নিতে কষ্টের মধ্যেই আতঙ্কিত আবাসিকদের অনেকেই কোনওমতে নিরাপদ জায়গায় বেরিয়ে আসেন।
তারাপীঠের মর্মান্তিক ঘটনার পর নিউ মার্কেটের এই ঘটনাও তাই শুধু অগ্নিকাণ্ডের তদন্তে সীমাবদ্ধ থাকছে না। হোটেলগুলিতে জরুরি নির্গমন পথ, অ্যালার্ম, লিফট, সিঁড়ি এবং কর্মীদের বিপদ মোকাবিলার প্রস্তুতি—সবকিছুই নতুন করে প্রশ্নের মুখে।

No comments:
Post a Comment