ন্যাশনাল ডেস্ক, ১২ আগস্ট ২০২৬: দুই ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশি গ্রামবাসীদের। ঘটনায় তীব্র উত্তেজনা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কাছে। একদল বাংলাদেশি গ্রামবাসী সীমান্ত বরাবর মাঠে কর্মরত দুজন ভারতীয় কৃষককে টেনেহিঁচড়ে সীমান্ত পার করে নিয়ে যায়।
জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হেফাজতে থাকা ৭০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে মুক্তির জন্য ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। বাংলাদেশের স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, পরে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠকের পর তিন নাগরিককে বিনিময় করে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সকালে এই বিবাদের সূত্রপাত হয়। আব্দুল মান্নান নামে এক বাংলাদেশি কৃষক মেহেরপুরের ইছাখালী সীমান্তের কাছে তার ফসলে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। বাংলাদেশী সংবাদমাধ্যমের দাবী, এ সময় বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকার নিয়ম লঙ্ঘনের দায়ে মান্নানকে আটক করে।
আব্দুল মান্নানের ধরা পড়ার খবর পেয়েই তাঁর আত্মীয়স্বজন ও স্থানীয় বাংলাদেশী গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, মান্নানকে ছেড়ে দেওয়ার জন্য বিএসএফকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে মুক্তি না দেওয়ায় গ্রামবাসীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। ক্ষুব্ধ বাংলাদেশী গ্রামবাসীরা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং সেখানে মাঠে কর্মরত দুই ভারতীয় কৃষককে অপহরণ করে, জোরপূর্বক বাংলাদেশে নিয়ে যায় এবং বিজিবির হাতে তুলে দেয়। ভারতীয় কৃষকরা হলেন শচীন কর্মকার ও নারায়ণ দেব।
এই ঘটনার পর আন্তর্জাতিক সীমান্তে হঠাৎ উত্তেজনা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দুপুরে ইছাখালী সীমান্তের জিরো লাইনে বিএসএফ ও বিজিবি আধিকারিকদের মধ্যে তৎকাল পতাকা বৈঠক ডাকা হয়। বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আলোচনার পর বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশি গ্রামবাসীদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও নিরাপদে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সীমান্ত পার হয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয়দের অপহরণ করার ঘটনা এটাই প্রথম নয়। গত শনিবার জলপাইগুড়ি জেলায় একই ধরণের একটি ঘটনা ঘটে। জলপাইগুড়ির ৩৫ বছর বয়সী চা চাষী দীপঙ্কর গোপকে প্রায় ২০ জন বাংলাদেশি অপহরণ করে বাংলাদেশের পঞ্চগড় জেলায় টেনে নিয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, গত ৬ আগস্ট বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ গ্রেফতার করার প্রতিবাদে গ্রামবাসীরা এক ভারতীয় কৃষককে আটক করে।

No comments:
Post a Comment