ওয়ার্ল্ড ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬: ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে আলোচনা ভেস্তে গিয়েছে। এরপর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, একটি দুর্বল বাণিজ্য চুক্তির কারণে তিনি আলোচনা থেকে সরে এসেছেন এবং শনিবার যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কার্নি দাবী করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শর্তগুলো অর্থনৈতিকভাবে লাভজনক নয় ও অন্যায্য ছিল।
যুক্তরাষ্ট্রের শর্তগুলোর বিষয়ে কার্নি বলেন, "এগুলো কানাডার সার্বিক সুবিধার ক্ষতি করবে।" তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাণিজ্য যুদ্ধ শুরু করার জন্য অভিযুক্ত করে বলেন, "যখন আপনি আক্রান্ত হন, তখন আপনি যুদ্ধাবস্থায় থাকেন। আমাদের ওপর হামলা হয়েছে।"
কার্নি বলেন, "তিনি যা প্রস্তাব করেছেন তা আমরা স্বীকার করতে পারি না এবং তিনি যা চেয়েছেন তা আমরা দেব না।" শুক্রবার ওয়াশিংটনে প্রতিবেশী দেশ দুটির মধ্যে আলোচনা ভেস্তে যায়, যার ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হয়।
এই পণ্যগুলোর মধ্যে হকি স্টিক থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত রয়েছে। যদিও ট্রাম্প বলেছিলেন যে কার্নির সাথে তাঁর সুসম্পর্ক যুক্তরাষ্ট্রকে কানাডার সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম করবে, কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ওয়াশিংটনের শর্তগুলো চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য।
কার্নি মার্কিন শুল্কের জবাবে ডলারের বিনিময়ে ডলারের জবাব দেওয়ার কথা বলেছেন। এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, "কানাডা তার শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসাকে রক্ষা করার জন্য নতুন মার্কিন শুল্কের জবাবে ডলারের বিনিময়ে ডলারের জবাব দেবে। আমরা এই পদক্ষেপটি এই আত্মবিশ্বাসের সাথে নিচ্ছি যে এটি কানাডার সর্বোত্তম স্বার্থে।"
শনিবারের ওই পোস্টে আরও লেখা, "এক বছরেরও বেশি সময় ধরে, কানাডা একটি নতুন ও ব্যাপক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে এবং সদিচ্ছার সাথে কাজ করে আসছে। আমরা বাস্তববাদী, ধৈর্যশীল এবং অধ্যবসায়ী ছিলাম। আমাদের লক্ষ্য সর্বদা ছিল কানাডীয়দের জন্য সেরা চুক্তিটি করা, কোনও মূল্যে বা কোনও নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তি করা নয়।"
"গতকাল গভীর রাতে আমি আমাদের আলোচকদের অটোয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্র যা প্রস্তাব করেছে তা আমরা গ্রহণ করতে পারি না, এবং তারা যা চেয়েছে তা আমরা দেব না। আগামী দিনগুলোতে, আমরা এই নতুন শুল্ক ব্যবস্থার বিস্তারিত বিবরণ প্রকাশ করব, যা শ্রমিক দিবসের পরের মঙ্গলবার থেকে কার্যকর হবে।"
কানাডার নতুন শুল্ক প্রধানত মার্কিন ইস্পাত এবং দুগ্ধ শিল্পকে লক্ষ্য করবে এবং ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। কার্নি বলেছেন, আগামী সপ্তাহে আরও বিস্তারিত জানানো হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার শুক্রবার বলেছেন যে, ওয়াশিংটন কানাডার কাছ থেকে ছাড়ের বিনিময়ে ইস্পাত, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল এবং কাঠের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে।
গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক থেকে কানাডা অব্যাহতি চাইছে। এই শুল্কগুলো দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কর্মসংস্থান কেড়ে নিয়েছে এবং বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। হোয়াইট হাউস অভিযোগ করেছে যে, আমেরিকান ওয়াইন, গাড়ি এবং দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক আরোপ করে কানাডা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে।


No comments:
Post a Comment