প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, August 16, 2026

প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

 


বীরভূম: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু। রবিবার বাড়ি লাগোয়া কার্যালয় থেকে উদ্ধার হয় বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। এ দিন সকাল ৭টা নাগাদ তাঁর দেহ মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। উল্লেখ্য, পাঁচ বারের বিধায়ক, রামপুরহাট কলেজের প্রাক্তন শিক্ষক আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের সময় একাধিক দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ডেপুটি স্পিকার পদেও ছিলেন। তবে, এবারের বিধানসভা ভোটে হেরে যান আশিস। 


বীরভূমের রামপুরহাট পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন আশিস। তাঁর বাড়ি লাগোয়া একটি দলীয় কার্যালয় রয়েছে। আজ সকালে সেই সেখান থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া সুইসাইড নোট। 


রামপুরহাট বিধানসভার পাঁচবারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার পর মন্ত্রী হিসেবে তিনিই একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন। কখনও স্কুল শিক্ষামন্ত্রী, কখনও কৃষিমন্ত্রী, আবার আয়ুষ মন্ত্রীও ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের পর তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনেও রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। 


এরপর রাজ্যে পালাবদল হলে গত জুন মাসেই জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন আশিস। পাশাপাশি বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যপদও ছাড়েন তিনি। উল্লেখ্য, জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad