নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: সাতসকালে বাড়িতে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবী, ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। জমি জমা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের স্মরণিয়া এলাকায়।
খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, মৃত গৃহবধূর নাম খাদিজা বিবি, বয়স ৫০ বছর। ঠিক কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে খাদিজা বিবির স্বামী মোশারফ শেখের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী আকবর শেখের। ঘটনার জেরে বছর খানেক আগে মোশারফ শেখ জেলে যান। এখনও তিনি জেলেই আছেন। মোশারফ শেখের স্ত্রী খাদিজা বিবি তাঁর ছোট ছেলের বৌমা ও তাঁর একরত্তি নাতনিকে নিয়ে হাসনাবাদের স্মরণীয়া গ্রামের বাড়িতে থাকতেন। তাদের দুই ছেলে ভিন রাজ্যে কাজ করেন। বৃহস্পতিবার রাতে ছোট ছেলের বৌমা বাড়িতে ছিলেন না, নাতনিকে নিয়ে রাতে ঘুমোতে যান খাদিজা বিবি। সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজা বিবির দেহ।
বাসিন্দারা খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর তাঁরা দেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবী, খাদিজা বিবির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। জমি জায়গা সংক্রান্ত পুরানো বিবাদের জেরেই এই খুন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

No comments:
Post a Comment