তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, August 8, 2026

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন!

 


নিজস্ব সংবাদদাতা, মালদা: প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলার পঞ্চানন্দপুরের। শুক্রবার সন্ধ্যায় বাজারের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূল কর্মীকে। মৃতের নাম নাসিরুদ্দিন আহমেদ, বয়স ৩৬ বছর। ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী পঞ্চানন্দপুরের বাসিন্দা ছিলেন। এদিন রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সে সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে তাঁকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃত নাসিরুদ্দিন পুরনো একটি বিবাদের মামলায় জেলে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। তার মধ্যেই এই ঘটনা। টাকা-পয়সা সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


এই ঘটনায় কংগ্রেসের দিকে উঠেছে অভিযোগের আঙুল। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তাঁর ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে। টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে অভিযোগ। তৃণমূল কর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবী, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন। 


পুলিশ সূত্রে খবর, সেই টাকা চাইতে গেলেই বিবাদ শুরু হয়। প্রথমে নাসিরুদ্দিনের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই কারণে তাঁকে জেলে যেতে হয়। তিন মাস পরে তিনি ছাড়া পান। শুক্রবার নাসিরুদ্দিন ছেলের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন, রাস্তায় তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ফিরোজদের বিরুদ্ধে। সেখান থেকে নাসিরুদ্দিন পালিয়ে বাজারে গেলে সেখানেও হামলা চালানো হয়। কুপিয়ে খুন করা হয় তাঁকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad