কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সবে মাত্র সাড়ে তিন মাস হয়েছে, এরই মধ্যে প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা 'খুব শিগগিরই রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরবে।' একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, চোরদের নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসব উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মমতা।
ওই অনুষ্ঠানে উপস্থিত দলের নেতা, কর্মী, ছাত্র, যুবদের মমতার পরামর্শ, 'যে কোনও বিষয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে, প্রতিবাদে নামতে হবে। কারাগারে যেতে হলে যাবেন, দরকার হলে এক মাস কারাগারের ভাত খাবেন। কিন্তু বিজেপিতে কেউ যাবেন না। এরপরই তিনি বলেন, 'মনে রাখবেন, খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে।'
দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মমতার বার্তা, 'এখানে অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, আপনার সামনে কাউকে গ্রেফতার করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়বেন। দেখি কত কারাগার আছে, পুলিশ লকআপ আছে।'
মমতার অভিযোগ, 'প্রায় ১৪ হাজার মামলা দিয়েছে, এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাব। আর তাহলে সরকারও ফাঁসবে, যারা গ্রেফতার করছেন তারা ফাঁসবেন। তখন আমি দেখব যারা আজকে অত্যাচার করছেন তারা কোথায় থাকে।'
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'চুরির ইতিহাস পাল্টে দেব। চুরির ইতিহাসে আরেকটা বড় পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবে দেখে নিন, ভেবে নিন। একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে।'
রাজ্যের পুলিশ প্রশাসনকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'এবার পুলিশের বিরুদ্ধে মামলা হবে কারণ বিজেপির অত কর্মী নেই। পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করছে। আমরা এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'আমাদের দলের একজনেরও জেড প্লাস নিরাপত্তা নেই। নির্বাচনের পরই সব তুলে নেওয়া হয়েছে। ওরা (বিজেপি) এনিয়ে প্রকাশ্যে মিথ্যে কথা বলছে। তাছাড়া আমাকে ধমকে চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই! এরপর আমার জেলা সফর শুরু হবে। অনুমতি না পেলে আমি রাস্তায় রাস্তায় হাঁটব। পুলিশ পারলে ঠেকিয়ে দেখাক।'

No comments:
Post a Comment