নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করতেই গ্ৰেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের রানিনগর সীমান্ত থেকে তাঁদের গ্রেফতার করল রানিনগর থানার পুলিশ। সীমান্ত লাগোয়া মাঠে একসঙ্গে ৭ জনকে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। বৈধ নথি দেখাতে না পারায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। চেন্নাইয়ে কাজ করতে যাওয়ার ছক ছিল। আপাতত ধৃতদের ঠাঁই হয়েছে লালগোলা হোল্ডিং সেন্টারে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানিনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালায় রানিনগর থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় কাহারপাড়া এলাকার মাঠে ৭ জনকে একসঙ্গে পুলিশ দেখতে পায়। তাদের দেখে সন্দেহ হলে আটক করা হয়। অভিযোগ, এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সাতজনকেই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত সাত বাংলাদেশিদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় এলাকায়। আরও জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পার হয়ে চেন্নাই রাজমিস্ত্রির কাজে যাওয়ার ছক কষেছিল। কিন্তু তাদের সেই ছক ভেস্তে দিল রানিনগর থানার পুলিশ। ধৃতদের আপাতত লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। কীভাবে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছল এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে? জানতে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
ধৃতদের সঙ্গে কোনও দালাল বা পাচারচক্রের যোগাযোগ ছিল কি না, সেটিও তদন্তকারীদের নজরে রয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে কোনও ব্যক্তি তাঁদের সাহায্য করেছিলেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। রানিনগর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

No comments:
Post a Comment