বিনোদন ডেস্ক, ০৮ আগস্ট ২০২৬: মেদু বড়া দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার। অল্প ক্ষিদে বা বিকেলে স্ন্যাকস জাতীয় কিছু খেতে মন চাইলে এটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এর জন্য অল্প আগে থেকে প্রস্তুতি নিতে হবে। মেজু বড়ার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস অর্থাৎ যে ডাল দিয়ে এটি তৈরি করা হয়, সেটা কয়েক ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখতে হয়। এছাড়া আর খুব বেশি কঠিন নয়, এই মেদু বড়া তৈরি করা। আসুন আর দেরি না করে ঝটপট এর রেসিপি জেনে নেওয়া যাক।
উপকরণ:
১.৫ কাপ বিউলি বা কলাই ডাল
১ চা চামচ আদা কুচি
৫-৬ টা কাঁচালঙ্কা কুচি
১/২ চা চামচ হিং
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ গোটা জিরে
স্বাদ মত লবণ
১ টেবিল চামচ কারিপাতা কুচি
৪ চা চামচ চাল গুঁড়ো
সাদা তেল পরিমাণ মত ভাজার জন্য
প্রণালী:
১. ডাল ভালো করে ধুয়ে ৭/৮ ঘন্টা ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে গ্রাইন্ডারে অল্প জল দিয়ে টাইট মিহি পেস্ট করুন।
২. বড় বাটিতে পেস্ট নিয়ে সব উপকরণ মিশিয়ে ভালো করে ফেটিয়ে হালকা করুন। জলে অল্প পেস্ট নিয়ে দেখুন, যদি ভেসে ওঠে, তাহলে ভাববেন এটা একদম রেডি। এরপর ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
৩. তেল গরম করে আঁচ কম করে হাতে জল লাগিয়ে বড়ার আকারে গড়ে মাঝে গর্ত করে কম থেকে মধ্যম আঁচে লালচে করে ভেজে তুলুন। এরপর নারকেল বা ধনেপাতার চাটনির সাথে পরিরেশন করুন সুস্বাদু মেদু বড়া।

No comments:
Post a Comment