নেপালের হড়পা বানের তাণ্ডবে খোঁজ নেই বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, August 27, 2026

নেপালের হড়পা বানের তাণ্ডবে খোঁজ নেই বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার


উত্তর ২৪ পরগনা: নেপালে ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যায় একের পর এক ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীর নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। প্রাথমিক ভাবে ১০৯ জন ভারতীয় নিখোঁজের কথা জানা গেলেও পরবর্তী তথ্য অনুযায়ী সেই সংখ্যা আরও বেড়েছে। অধিকাংশ নিখোঁজ পর্যটক কৈলাস-মানস সরোবর যাত্রার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।


নেপালে গিয়ে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডল দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।


পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাত দিন আগে তাঁরা নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের কৈলাসে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও হড়পা বানের খবর সামনে আসে। আর নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনও যোগাযোগ নেই। মোবাইল ফোনও বন্ধ থাকায় তাঁদের উদ্বেগ আরও বেড়েছে।


স্বপন ও মৌ মণ্ডলের কোনও খোঁজ না পাওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। তাঁদের আশঙ্কা, নেপালের দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যদের একটাই প্রার্থনা, যে কোনও ভাবে তাঁদের সন্ধান মিলুক এবং তাঁরা যেন সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসেন।


এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের নিরাপত্তাবাহিনী ও প্রশাসন। ভারতীয় নাগরিকদের সন্ধানে ভারতীয় দূতাবাসও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad