নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, গুরুতর জখম একাধিক পুলিশকর্মী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার খারেরা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সালার থানার অন্তর্গত খরেরা গ্রামে একটি জুয়ার আসর চলছে বলে খবর যায় পুলিশের কাছে। সেই মতো সেখানে হানা দিতে গিয়েছিল পুলিশ। সেই সময়ই পুলিশের ওপর বোমা হামলা করা হয়। ঘটনায় আহত এক এএসআই-কে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আক্রান্ত এএসআই-এর নাম সাদেক আলী। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শরীরিক অবস্থার ওপর নজর রেখেছে প্রশাসন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। হামলার ঘটনার পর পুরো গ্রাম ঘিরে ফেলে রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং কী কারণে পুলিশের ওপর এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।
এদিকে পুলিশের অভিযানের সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন কিছু গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবী, খারেরা গ্রামে দীর্ঘদিন ধরেই এই জুয়ার আসর চলছিল এবং পুলিশ প্রশাসনের তা অজানা ছিল না। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন আগে কড়া পদক্ষেপ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে রাতের এই ঘটনার পর সোমবার সকালেও খরেরা গ্রামে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

No comments:
Post a Comment