ন্যাশনাল ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ২০২৬: ওমানের উপকূলে পানামার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ হামলা। এরপর থেকেই একজন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি এও বলেছে যে, এমটি এল গাইয়া জাহাজের বাকি ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ভারতীয় নাগরিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ভারতীয় নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য ভারত ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।
রবিবার রাতে এই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, "আজ ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি এল গাইয়া-র ওপর হামলার আমরা নিন্দা জানাই। জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ভারতীয় নাগরিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার অভিযানে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।"
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, "আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনীতির জন্য আমাদের আবেদন পুনর্ব্যক্ত করছি। এই অঞ্চলে জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অবকাঠামোকে নিশানা করা একেবারেই অগ্রহণযোগ্য।"
উল্লেখ্য, বেশিরভাগ জাহাজেই ভারতীয় নাবিকরা থাকেন। শনিবার ব্রিকস সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক সংঘাতের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি থেকে নাবিকদের রক্ষা করার জন্য একটি 'সীফেয়ারার্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নেটওয়ার্ক' তৈরির প্রস্তাব দেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত ১৬ জন ভারতীয়ের মধ্যে দশজনই ভারতীয় নাবিক, অন্যদিকে কৃষ্ণ সাগরে জাহাজের ওপর হামলায় আরও পাঁচজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।


No comments:
Post a Comment