আলিপুরদুয়ার: শাবক সহ সেচ পুকুরে আটকা পড়ল মা হাতি। বুধবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের একটি চা বাগানে। ঘটনা জানাজানি হতেই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বন দফতরের কর্মীরা।
জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেচ পুকুরটির মধ্যে দুটি হাতিকে আটকা পড়া অবস্থায় দেখতে পান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিভাগের আধিকারিক ও অন্যান্য কর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। বন কর্মীরা মা হাতি ও এর সন্তানকে কোনও রকম আঘাত না দিয়ে অক্ষত অবস্থায় উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা।
এরপর কয়েক ঘন্টার চেষ্টার পর মা হাতিটিকে পুকুর থেকে সফলভাবে উদ্ধার করা হয়। এরপর শাবকটিকে উদ্ধারের অভিযান চলতে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা পর হাতি শাবকটিকেও নিরাপদে জল থেকে বের করে আনা হয়।
মা হাতি ও শাবকের সফল উদ্ধারে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। বন বিভাগ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হাতি দুটি যাতে নিরাপদে বনে ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বন দফতরের তরফে।

No comments:
Post a Comment