ওয়ার্ল্ড ডেস্ক, ১৭ সেপ্টেম্বর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৬তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে রাশিয়ার রাষ্ট্রপতি বলেছেন যে, ভারত ও রাশিয়ার মধ্যে "বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব" মজবুত করার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত অবদানকে অবমূল্যায়ন করা যায় না। বৃহস্পতিবার রুশ দূতাবাস সমাজমাধ্যম প্লাটফর্ম এক্স-এ পুতিনের বার্তাটি শেয়ার করেছে। উল্লেখ্য, আজ, ১৭ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন মহা ধুমধামে পালিত হচ্ছে।
তাঁর বার্তায় পুতিন বলেছেন যে, আপনাকে আপনার দেশবাসীর গভীর শ্রদ্ধা এবং বিশ্বমঞ্চে বিরাট সম্মান হাসিল হয়েছে। তিনি বলেন যে, ভারত-রাশিয়ার মধ্যে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে অবমূল্যায়ন করা যায় না। গত সপ্তাহে নয়াদিল্লি সফরের সময় উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেন, "গত সপ্তাহে নয়াদিল্লি সফরের সময় আমাকে এবং রুশ প্রতিনিধিদলকে যে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা এবং আতিথেয়তা জানানো হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।"
পুতিন তাঁর ভারত সফরকালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হওয়া কথোপকথনেরও উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে আলোচনা অর্থবহ, খোলামেলা এবং গঠনমূলক ছিল। তিনি বলেন, "আমাদের কথোপকথন অবশ্যই অর্থবহ, খোলামেলা এবং ফলপ্রসূ ছিল। বরাবরের মতোই, আপনার সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। আমাদের আলোচনা আবারও আপনার অসাধারণ রাজনৈতিক অন্তর্দৃষ্টি এবং দূরদর্শিতার প্রমাণ দিয়েছে।" রুশ প্রেসিডেন্ট এও বলেন যে, ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়ে একসঙ্গে কাজ করে যাবে।
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে ভারত সফরের পর পুতিনের এই বার্তা এসেছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লীতে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে তিনি দুটি ব্রিকস অধিবেশনে অংশ নেন। পুতিন ভারত মণ্ডপমে অনুষ্ঠিত 'ইন্ডিয়া ইনোভেটস' প্রদর্শনীও পরিদর্শন করেন। তিনি নয়াদিল্লীতে অনুষ্ঠিত ব্রিকস বিজনেস ফোরামের নেতাদের অধিবেশনেও ভাষণ দেন। এ সময় পুতিন পশ্চিমা দেশগুলোকে নিশানা করে বলেন যে, ইউক্রেনে সৈন্য পাঠানো রাশিয়ার সঙ্গে যুদ্ধের শামিল হবে।


No comments:
Post a Comment