প্রদীপ ভট্টাচার্য, কলকাতা: ভারতের আইসক্রিমের বাজারে রিলায়েন্সের বিরাট চমক! বাজারে এল নতুন ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’। এই মাসের শুরুতে রিলায়েন্স এই ব্র্যান্ডটি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা করেছে। মিষ্টিপ্রেমীদের জন্য এটা একটা বড় খবর। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার ভারতের আইসক্রিম বাজারে সরাসরি প্রবেশ করল।
মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড নিয়ে এসেছে তাদের একেবারে নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’। শোনা যাচ্ছে এই আইসক্রিমের দামও থাকবে সাধারণের আয়ত্বের মধ্যেই। দাম শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে। তাছাড়া কোম্পানি দাবী করেছে যে, কোনও রকম কৃত্রিম উপাদান ছাড়াই খাঁটি দুধ দিয়ে এই আইসক্রিম তৈরী করা হবে। ক্রেতারা এটি বার, কাপ, টাব, স্টিক বিভিন্ন ফরম্যাটে কিনতে পারবেন। প্রাথমিকভাবে ব্র্যান্ডটি পশ্চিম ভারতে লঞ্চ করা হয়ছে তবে খুব শীঘ্রই এটি সারা ভারত জুড়ে পাওয়া যাবে।
কেন এই প্রবেশ গুরুত্বপূর্ণ?
ইতিমধ্যেই দেশের বিভিন্ন এফএমসিজি ও রিটেল বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে রিলায়েন্স। এবার কোটি কোটি টাকার আইসক্রিম বাজারে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে কড়া টক্কর দিতে প্রস্তুত তারা। এবার তাই প্রিমিয়াম কোয়ালিটি এবং সাশ্রয়ী মূল্যের কথা মাথায় রেখে বিভিন্ন স্বাদের আইসক্রিম নিয়ে হাজির হয়েছে এই নতুন ব্র্যান্ড।
গ্রীষ্মের দাবদাহ হোক কিংবা উৎসবের আমেজ—'বম্বে ক্রিমারি'র হাত ধরে বাজারে প্রতিযোগিতা বাড়ায় দারুণ সব স্বাদের অভিজ্ঞতা পেতে চলেছেন গ্রাহকরা।
রিলায়েন্সের এই নতুন আইসক্রিম কি বাজারের বড় বড় ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলতে পারবে? এটাই এখন দেখার বিষয়।

No comments:
Post a Comment