আবারও ডিম হামলার শিকার মহুয়া, চরম বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, September 16, 2026

আবারও ডিম হামলার শিকার মহুয়া, চরম বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ


নদিয়া: দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে ডিম হামলার শিকার মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে উড়ে এল পরপর ডিম। ফেসবুক লাইভে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। মহুয়ার দাবী, পুলিশের সহযোগিতা এই কাজ করেছেন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপির তরফে যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


বুধবার নদিয়ার তেহট্টের হাউলিয়া মোড়ে তৃণমূলের কর্মী সভা ছিল। এই কর্মী সভায় যোগ দিতে আসে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, তিনি আসার সাথে সাথে সেখানে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে অসংখ্য পুলিশ বাহিনী মোতায়ন করা হয় ঘটনাস্থলে। দলীয় কর্মসূচি ছেড়ে যখন মহুয়া বেরোচ্ছিলেন তখন ফের মহুয়াকে ঘিরে শুরু হয় স্লোগান। চলে ডিম বৃষ্টি। তৎক্ষণাথ মহুয়া মৈত্র নিজের ফেসবুকে গোটা ঘটনাটি লাইভ করে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। 


মহুয়ার দাবী, বৈঠক চলাকালীন বাইরে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকরা। সাংসদের অভিযোগ, পুলিশি মদতেই ভিড় জমান তাঁরা। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ডিম হামলা করেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পুলিশকর্মীরা। তাঁর প্রশ্ন, কলকাতা হাই কোর্টের নিরাপত্তায় থাকা সত্ত্বেও কেন ডিম হামলা? পুলিশের সঙ্গে এই প্রসঙ্গে একপ্রস্থ বাকবিতণ্ডাও হয় সাংসদের। যদিও পুলিশের দাবী, তেহট্টে ঘরোয়া বৈঠকের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। মহুয়ার দাবী, পুলিশ সুপার জানতেন। সেই সময় বিক্ষোভকারীদের তরফে 'চোর, চোর' স্লোগান ওঠে। পালটা 'জয় বাংলা' স্লোগান তোলেন মহুয়ার অনুগামীরা। তাঁর গাড়িতে একটা ডিম পড়লে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এরপর ওই অবস্থাতেই দ্বিতীয় বৈঠকও করেন তিনি। এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলেই হুঁশিয়ারি মহুয়ার।


কর্মীসভায় যোগ দিয়ে মহুয়া দাবী করেন, বিজেপি এই সমস্ত করে ভাবছে যে, তাঁদের দলীয় কর্মসূচি বন্ধ করে দেবে। কিন্তু ওরা যত এরকম করবে আমরা আরও বেশি করে সেই মিটিং করব। ওরা যদি একটা মিটিং বন্ধ করতে আসে, আমরা আট-দশটা মিটিং করব এমনটাই দাবী তৃণমূল সাংসদের। 


উল্লেখ্য, এর আগে কালীগঞ্জে ডিম হামলার শিকার হন মহুয়া। এর নেপথ্যে এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। এরপর থানায় হাজিরা দিতে গিয়ে ডিম হামলার আতঙ্কে ভুগছিলেন তিনি। নিরাপত্তার দাবীতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। বিচারপতি তাঁকে জানান, বিপ্লবীরা গুলি খেয়েছেন, আর আপনি ডিম হামলার ভয় পাচ্ছেন? এরপর যদিও তাঁকে রক্ষাকবচ দেয় আদালত। কিন্তু তারপরেও আবার ডিম হামলার শিকার হলেন মহুয়া মৈত্র।

No comments:

Post a Comment

Post Top Ad