কলকাতা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর চোখের চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে বিদেশের মাটি থেকেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। নিজের চোখের একটি ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ বুঝিয়ে দিলেন এখন তাঁর চোখের কী অবস্থা!
বুধবার ইন্সটাগ্রাম স্টোরিতে চোখের ছবি পোস্ট করে অভিষেক লিখেছেন, 'এই ক্ষতচিহ্নই বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর চোখই বলে দেয়, আমি এখনও শেষ হয়ে যাওয়ার ধারেকাছেও নেই।'
জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর দুপুরে আমেরিকায় পৌঁছন অভিষেক। সেখানকার হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। এখন তাঁর চোখের পরিস্থিতি কেমন, তা বোঝাতে একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেন অভিষেক। সঙ্গে এই দু'লাইনের বার্তা।
রাজ্যে পালাবদলের পর থেকেই শিরে সংক্রান্তি তৃণমূল কংগ্রেসের। দলের বিশ্বস্ত সঙ্গীরা মমতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একে একে। তাঁদের বেশিরভাগই আবার ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এতে করে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছেন। তারপর আবার অভিষেকের নামে একের পর এক এফআইআর দায়ের হয়েছে, ঝুলছে অনেক মামলা। আর এই মামলাগুলিই অভিষেকের বিদেশযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়ে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু চোখের চিকিৎসার জন্য তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেয়নি উচ্চ আদালত। পরিবর্তে এসএসকেএমে চিকিৎসার পরামর্শ দেন বিচারপতি। কিন্তু অভিষেকের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন তাঁর মক্কেল এসএসকেএমে চিকিৎসা করাবেন না। তারপর হাইকোর্টে মামলা খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ১০ই আগস্ট সুপ্রিম কোর্ট জানায়, তিন সপ্তাহের জন্য অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া যাবে না। আদালতের সময়সীমা অনুযায়ী, ২২-২৩ তারিখ কলকাতায় ফেরার কথা।
এদিকে এসবের মাঝেই শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট। তার পরেই কালীঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। মঙ্গলবারই সুমিতকে সঙ্গে নিয়ে কালীঘাটে অভিষেকের পাশের বাড়ির এক ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। এর পাশাপাশি চন্দ্রনাথ রথ খুন কাণ্ডের নেপথ্যে 'ভাইপো গ্যাং' সক্রিয় রয়েছে বলে সম্প্রতি বিস্ফোরক দাবী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুধু তা-ই নয়, তৃণমূলের প্রতীক নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে মমতা-তৃণমূল এবং ঋতব্রত শিবিরের মধ্যে। প্রতীক কার দখলে থাকবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। সেই টানাপড়েনের মধ্যে এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন এই পোস্টের মাধ্যমে কি নিজের চোখের অবস্থা নিয়ে আভাস দিলেন অভিষেক? নাকি এর নেপথ্যে রয়েছে কোনও রাজনৈতিক বার্তা? বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি, তাতে অভিষেকের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


No comments:
Post a Comment